স্থাপিত: ১৯৯৫ ইং, EIIN: ১২৪৩৪৯
E-mail: jambariacollege@gmail.com
জামবাড়ীয়া ডিগ্রি কলেজের ইতিহাস
হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা মহানন্দা নদীর তীরে, রাজা শশাঙ্ক এর রাজধানী খ্যাত প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ, ইসলামী স্থাপত্য কলার অজস্র নিদর্শন বহনকারী, হজরত শাহ্ নিয়ামতউল্লাহ (রঃ) এর পূর্ণস্নাত আম্রকাননের সুনিবিড়, সুশীতল ছায়া বেষ্টিত, হাজার পাখির কলতানে মুখরিত, অপরূপ প্রাকৃতিক শোভা মন্ডিত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সর্ব দক্ষিণে বিল ভাতিয়ার দিগন্ত জোড়া সবুজ শ্যামল বুক জুড়ে জামবাড়ীয়া ইউনিয়নে অবস্থিত ‘জামবাড়ীয়া ডিগ্রি কলেজ’, যা প্রত্যন্ত ও বিলাঞ্চলের সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা বিস্তারের এক প্রদীপ্ত বাতিঘর।
শিবগঞ্জ-ভোলাহাট উপজেলার মিলনস্থলে অবস্থিত অত্র অঞ্চলের মহা আশির্বাদ ও প্রাণ প্রিয় কলেজটির গৌরবময় পথ চলা আরম্ভ হয়েছিল আজ থেকে দুই যুগেরও বেশি সময় পূর্বে ১৯৯৫ সালের ২৬ শে জানুয়ারি। এলাকার কিছু কৃতী, স্বনামধন্য, সুশিক্ষিত, আলোকিত ও স্বপ্নবাজ সন্তান ও সর্ব সাধারণ জনতা সেদিন একটি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে বড়গাছী উচ্চ বিদ্যালয় (বর্তমানে বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়) প্রাঙ্গণে কোন এক মাহেন্দ্রক্ষণে এক সভায় মিলিত হয়েছিলেন। এলাকার অন্যতম শিক্ষাবিদ জনাব আব্দুস সাত্তার (প্রভাষক) এর আহবানে এবং জামবাড়ীয়া ইউনিয়নের তৎকালীন সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মঈনুদ্দিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সভায় কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে যুক্তিপূর্ণ ও জোরালো বক্তব্য উপস্থাপন করেছিলেন (ক) কৃষিবিদ জনাব এ.ওয়াই.এম তোজাম্মেল হক মুকুল (খ) জনাব আজাদ আলী মোল্লা (গ) জনাব আব্দুর রফিক মিঞা (ঘ) জনাব মোঃ মনিরুল ইসলাম (চেয়ারম্যান) (ঙ) জনাব মোঃ নজরুল ইসলাম (চেয়ারম্যান) (চ) জনাব মোঃ কশিমুদ্দিন (চেয়ারম্যান) (ছ) জনাব মোঃ কেতাব উদ্দিন (চেয়ারম্যান) (জ) জনাব মোঃ আবুল হোসেন মিঞা, (ঝ) জনাব শাহ্ মোঃ গোলাম কিবরিয়া কিবন মিয়া (ঞ) জনাব মোঃ হুমায়ন করিব (প্রধান শিক্ষক) (ট) জনাব শাহ্ মোঃ মিজানুর রহমান মিয়া (ঠ) জনাব শাহ্ আবুল কালাম মোঃ শামসুদ্দিন (ড) জনাব, শাহ্ মোঃ কোহিনূর আলম টুনু মিয়া (ঢ) জনাব মোঃ আব্দুল গফুর মাস্টার (ণ) জনাব মোঃ ইনসার আলী মেম্বার (ত) জনাব মোঃ ইয়াশিন আলী মিঞা (থ) জনাব মোঃ সাইদুর রহমান শহীদ (দ) জনাব গোলাম আম্বিয়া (ধ) জনাব ড. মোস্তফা জামাল (ন) জনাব আব্দুস সালাম (প) জনাব মোঃ সাদিকুল ইসলাম সজু (ফ) জনাব শাহ্ মোঃ কাওসারুল ইসলাম রনজু (ব) জনাব মোঃ এমদাদুল হক (মেম্বার) (ভ) জনাব মোঃ আব্দুল মান্নান বাবুল (ম) জনাব আ.ন.ম এহতেশামুল হক বকুল (য) জনাব মোঃ আব্দুল লতিফ প্রমুখ ব্যক্তিবর্গ।
যাদের সোনালি স্বপ্নে ‘জামবাড়ীয়া ডিগ্রি কলেজ’ -এর উর্বর বীজ রোপিত হয়েছিল তাঁদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন জনাব এ.ওয়াই.এম তোজাম্মেল হক মুকুল। কলেজ প্রতিষ্ঠার ব্যপারে তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘‘আমাদের জামবাড়ীয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী দাইপুখুরিয়া ইউনিয়নে ১৬ থেকে ১৮ কিলোমিটার দূরত্বে কোন কলেজ নেই। সুতরাং অত্র অঞ্চলের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠা সময়ের অপরিহার্য দাবি।’’ তাঁদের সার্বিক দিক নির্দেশনা ও প্রস্তাবে সর্ব সম্মতিক্রমে ‘জামবাড়ীয়া মহাবিদ্যালয়’ নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয় যেটি কালের পথ পরিক্রমা ও অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমানে ‘জামবাড়ীয়া ডিগ্রি কলেজ’ নাম ধারণ করে উচ্চ শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করছে।
প্রাথমিক পর্যায়ে ‘জামবাড়ীয়া মহাবিদ্যালয়’ -এর প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তৎকালিন জাতীয় সংসদ সদস্য জনাব সৈয়দ মুঞ্জুর হোসেন। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন জনাব মোঃ গোলাম সারওয়ার। দাতা সদস্য ছিলেন জনাব আজাদ আলী মোল্লা এবং জনাব গোলাম আম্বিয়া। উল্লেখিত ব্যক্তিবর্গসহ এলাকার স্বনামধন্য, বিদ্যানুরাগী ও সর্বস্তরের ব্যক্তিবর্গের দান-অনুদান, নিরলস প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, অকৃত্রিম দরদ ও আন্তরিক ভালবাসায় গড়ে উঠে আজকের ‘জামবাড়ীয়া ডিগ্রি কলেজ’।
ভিশন ২০২১, রূপকল্প ২০৪১, ডেল্টা প্লান ২১০০, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক প্রণিত শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নে নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডের সাথে তাল মিলিয়ে জামবাড়ীয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দের নিরলস পরিচালনায় এবং অত্র কলেজের অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ শাহাবুদ্দীন যোগদান করার পর থেকেই কলেজের সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা নিশ্চিতকরণ, শ্রেণি কক্ষ আধুনিকীকরণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালুকরণ, বঙ্গবন্ধু চত্ত্বর নির্মান, ক্যান্টিন সংস্কার, গ্যারেজ নির্মান, সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষার মনোরম পরিবেশ তৈরীসহ প্রতিষ্ঠানটিকে অত্র এলাকার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মানসে ব্যাপক ও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমান কলেজ পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ মহোদয় ও অত্র কলেজের শিক্ষকবৃন্দের স্বপ্ন এই কলেজটি উচ্চ শিক্ষা বিস্তারে একদিন দেশের অন্যতম সেরা বিদ্যাপিঠে রূপান্তর লাভ করবে।